রংপুর নগরীর উত্তম হাজিরহাট এলাকায় জোর করে জমি দখলে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে জমির লাগানো ধান গাছে মাত্রা অতিরিক্ত কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ভূমিদস্যু আশরাফ আলীর বিরুদ্ধে।
শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে রংপুর নগরীর উত্তম হাজিরহাট উত্তরপাড়া গ্রামের অসহায় বৃদ্ধ কৃষক আবুল হোসেনের জমিতে লাগানো ধানের গাছে কীটনাশক দেয় আশরাফুল ও তার সহযোগীরা। আশরাফুল ঐ একই গ্রামের মৃত সামসুউদ্দীন ওরফে খোকার ছেলে।
কীটনাশকে আবুল হোসেনের শেষ সম্বল ২০ শতক জমির প্রায় সব ধান গাছ পুড়ে যায়। কৃষক আবুল হোসেন বলেন, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। ভোর রাতে মসজিদ থেকে নামাজ পড়ে আসার পথে জমিতে ধান গাছের এ অবস্থা দেখে চিৎকার করেন। জমির আইলের উপর ঘাস ও পানিতে জমে থাকা কচুরিপানা পর্যন্ত কীটনাশকের বিষে পুড়ে গেছে।
এতে তার ১৫ হাজার টাকার মতো ক্ষতি হলেও নিজ হাতে লাগানো ধানের জমির এরকম অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পরে তিনি।
কৃষক আবুল হোসেনের ধানী জমিতে কেন তার ধানের গাছে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে এমন প্রশ্নের জবাবে এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে এ দণ্ড চলছিল তাদের। এর মাঝে আবুল হোসেনের আরও জমি দখল করে নিয়েছে আশরাফুল। কিছুদিন আগেও আশরাফুল কৃষককে মেরে ফেলার হুমকি দিয়ে ঐ জমিতে ধানের চাষ না করার জন্য বলে যায়। তাই সে ক্ষিপ্ত হয়ে আবুল হোসেনের ধানী জমির গাছ বিনষ্ট করেছে। আর যাই করুক এভাবে ক্ষতি করা ঠিক হয়নি। এর বিচার চায় গ্রামবাসী।
হাজিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব হোসেন বলেন, পূর্বের জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।